images

দেশজুড়ে

কুমিল্লায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৭:৪৪ পিএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাই ফয়সাল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল গোয়ালগাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। আটক মোর্শেদ তার আপন বড় ভাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন মোর্শেদের স্ত্রী। বুধবার(১৩মে) দিবাগত রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে তিনি ঘুমাতে যান। এ সময় বাড়ির পাশে শিশুদের হৈ-হুল্লোড়ে তার ঘুমে ব্যাঘাত ঘটলে মোর্শেদ বাইরে এসে শিশুদের বকাঝকা করেন।

এ ঘটনায় ছোট ভাই ফয়সাল বড় ভাইকে বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে দুই ভাই বাড়ি থেকে বের হয়ে গেলেও দুপুরে ফের বাড়িতে এসে আবারও তর্কে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে মোর্শেদ ঘর থেকে দা এনে ফয়সালকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
ALJARIA

বাংলাদেশিদের ১০ মিনিটে ভিসা দেবে আলজেরিয়ার দূতাবাস

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে