images

দেশজুড়ে

জমিতে বালু ভরাট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৩:১২ পিএম

বরিশালে জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম হাওলাদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম হাওলাদার ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন, ভাগিনা মিজানুর রহমান, খবির সিকদার এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শুক্রবার দুপুরে জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বাঁশের আঘাতে হালিম হাওলাদারসহ কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image19

ইয়াবাসহ ৩ মাদক কারবারি ধরা

আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা উজ্জ্বল হাওলাদার ও কালাম হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খান থানায় গিয়ে হালিম হাওলাদারের মরদেহ পরিদর্শন করেন, স্বজনদের সান্ত্বনা দেন এবং দ্রুত জড়িত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম