images

দেশজুড়ে

রোগী মৃত্যুর জেরে হাসপাতালে হামলা, মাথা ফাঁটল চিকিৎসকের

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৬:৫১ পিএম

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক, আনসার সদস্যসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, শরীয়তপুর সদরের উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান। এরপর রাত সোয়া ১টার দিকে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এতে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাসির ইসলাম, কর্তব্যরত আনসার সদস্য সোহেল সরদার, কামরুল, আজিজুল হক ও কাউসার গুরুতর আহত হন।

এ ছাড়া এ সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই আল আমিন নামে একজনকে হেফাজতে নেয়।

হামলায় গুরুতর আহত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিতু আক্তার বলেন, রোগীর মৃত্যুর পর স্বজনরা আকস্মিকভাবে জরুরি বিভাগে হামলা চালায়। এতে চিকিৎসক ও আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আহত চিকিৎসকের অবস্থা গুরুতর।

আরও পড়ুন
Web-Image---Copy

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার বলেন, তদন্ত চলছে, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসক বলেন, হাসপাতালে হামলা ও চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহত চিকিৎসকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের পরিচয় যাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরটিভি/এমএইচজে