images

দেশজুড়ে

ফেসবুকে ‘হা-হা’ রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষ, উখিয়ায় নারীর মৃত্যু

রোববার, ১৭ মে ২০২৬ , ০১:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় ফেসবুক স্ট্যাটাসে হা-হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু এক সপ্তাহ আগে দেয়ালে জয় বাংলা লেখা নিয়ে উত্তেজনার মধ্য দিয়ে।  এরপর শনিবার (১৬ মে) স্থানীয় এক ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে হা-হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সূত্রপাত হয়।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে প্রথমে এক যুবককে মারধর করা হয়।  পরে তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন।  একপর্যায়ে আহত ব্যক্তিকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা ছৈয়দা বেগমকে মারধর করা হয়।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত ছৈয়দা বেগম উখিয়া উপজেলার স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে। 

আরও পড়ুন
Web-Image

‘গণমাধ্যমে মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না’

ঘটনার পর ভুক্তভোগী নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে, অভিযুক্তরা বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত।  

তবে অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন।

উখিয়া থানার পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আরটিভি/জেএমএ