রোববার, ১৭ মে ২০২৬ , ০৮:২৬ পিএম
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে লিফলেটের মাধ্যমে ‘শেখ হাসিনার সালাম’ জানানোর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড ও আওয়ামী লীগ অফিস সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। এ সময় তাদেরকে ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগান দিতেও শোনা যায়। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে তারা লাপাত্তা হয়ে গেছেন। ওই দুটি মোটরসাইকেলে কারা ছিলেন-তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি।
লিফলেটগুলোতে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।
অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে গণপিটুনি ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এ লিফলেট বিতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
আরটিভি/এমএম