রোববার, ১৭ মে ২০২৬ , ০৮:৩৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া-বাগ এলাকায় আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার (১৭ মে) সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের মা ফুলেছা বেগম বলেন, ঘটনার আগে আশরাফুলকে কয়েকজন বন্ধু ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে