রোববার, ১৭ মে ২০২৬ , ০৯:০৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর মো. শওকত আলী (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেলে ৫৩ বিজিবির ফরিদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় শওকতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা ও এলাকাবাসী। পরে সন্ধ্যায় পরিবারের সদস্যরা কাউকে কিছু না জানিয়ে মরদেহটি নিয়ে গোপনে দাফনের প্রস্তুতি নিলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মে রাতে ১০ থেকে ১৫ জনের একটি দল জহুরপুর টেক সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে যায়। ওই দলের সঙ্গে ছিলেন শওকত আলীও। তবে তার সঙ্গে থাকা অন্যরা দেশে ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের স্বজনদের দাবি, গরু নিয়ে ফেরার সময় সীমান্ত এলাকায় বিএসএফের নির্যাতনের শিকার হয়ে শওকতের মৃত্যু হয়ে থাকতে পারে। পরে তার মরদেহ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য সমির উদ্দীন ও এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে বিএসএফের হাতে নির্যাতনের ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে।
গোদাগাড়ী নৌপুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় জানান, মরদেহে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে হাতে, পায়ে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। আঘাতের ধরণ দেখে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তাই তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে বিজিবি।
আরটিভি/এমএইচজে