images

দেশজুড়ে

প্রান্তিক কৃষকের জন্য আবির্ভূত হলো সৌরশক্তিনির্ভর প্রযুক্তি

সোমবার, ১৮ মে ২০২৬ , ১১:৫৫ এএম

কৃষিতে ডিজেলের ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে যৌথভাবে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ)।

এরই প্রয়াস ‘স্মার্ট-সিপ প্লাস: বাংলাদেশে সৌরচালিত সেচপাম্পের উদ্বৃত্ত শক্তির বহুমুখী ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ’ প্রকল্পের একটি প্রযুক্তি প্রদর্শন ও প্রশিক্ষণ কেন্দ্র। যেটি রোববার (১৭ মে) ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুরে উদ্বোধন করা হয়েছে। 

নতুন প্রযুক্তির ব্যবহারিক প্রদর্শন ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্মার্ট-সিপ প্লাস প্রকল্প প্রধান ও যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির (বিসিইউ) অধ্যাপক ড. লিনসি মেলভিল। যুক্তরাজ্য গবেষণা ও উদ্ভাবন সংস্থা (ইউকেআরআই) এর অধীন যুক্তরাজ্য সরকারের আয়ারটন ফান্ড-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। 

আরও পড়ুন
mirsorai

এসএসসি পরীক্ষা দিয়ে বের হতেই ২ পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি-বিসিইউ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট-সিপ প্লাস প্রকল্পের ইন-কান্ট্রি লিড (বাংলাদেশের প্রকল্প প্রধান) ও বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, প্রকল্পের যৌথ প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, যৌথ প্রধান গবেষক ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, যৌথ প্রধান গবেষক ও কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুল্লাহ আল-আমিন, প্রকল্পের গবেষক ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল হুদা| এসময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ থেকে প্রতিনিধি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ) থেকে গবেষক দল এসময় উপস্থিত ছিলেন।

672947964_3441458432669079_3797194916492475230_n

উদ্বোধন শেষে প্রদর্শন কেন্দ্রে থাকা সোলার পাম্প (সেচ যন্ত্র), হলার (ধান ভাঙানোর যন্ত্র), সোলার ড্রায়ার (ধান শুকানোর যন্ত্র) ও সোলার চালিত মাড়াই যন্ত্র চালিয়ে দেখানো হয়| সৌর শক্তি ব্যবহার করে কোন যন্ত্রটি কিভাবে কাজ করছে সেটি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন যৌথ প্রধান গবেষক ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান।

পরে সেখানে স্থানীয় কৃষকদের দিয়ে একটি আলোচনা সভায় অধ্যাপক ড. চয়ন কুমার সাহা বলেন, আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকদের দুর্ভোগ কমাতে চাই| আর সেক্ষেত্রে একটি বড় সুযোগ হলো নবায়নযোগ্য শক্তির ব্যবহার। এই কেন্দ্রে সৌরশক্তিকে ব্যবহার করে জমিতে সেচ দেওয়া থেকে শুরু করে, ধান মাড়াই ও শুকানোর ব্যবস্থা রয়েছে| এতে করে ডিজেলচালিত যন্ত্রের ব্যবহার কমবে, কৃষকের উৎপাদন খরচ কমবে এবং কৃষির টেকসই উন্নয়ন হবে।

672699898_1754808495500947_3067526475867774593_n

আলোচনা সভায় কৃষকরা এই প্রকল্প নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রকল্পের কাজের মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছেন সে কথাও তুলে ধরেন।

স্মার্ট-সিপ প্লাস প্রকল্প প্রধান ও যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির (বিসিইউ) অধ্যাপক ড. লিনসি মেলভিল বলেন, আমরা এই প্রযুক্তিগুলোর ব্যবহার প্রান্তিক কৃষক পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে তাদের কায়িক পরিশ্রম কমানো যায়| নবায়নযোগ্য শক্তির ব্যবহারে আমরা সকলকে উদ্বুদ্ধ করতে চাই| এটি কৃষক থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ের জন্য শক্তির একটি টেকসই সমাধান। 

আরটিভি/এসআর