সোমবার, ১৮ মে ২০২৬ , ০৯:৩০ পিএম
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে নিজ মাকে হত্যার অভিযোগে মো. রাকিব (২৪) নামে ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে স্থানীয়দের সহযোগিতায় চাঁদপুর মডেল থানার পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করে।
এর আগে রোববার (১৭ মে) রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাদেক খান বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারীর নাম জান্নাত বেগম। তার স্বামী আব্বাস খান আরেকটি বিয়ে করে ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর যাবৎ স্বামীর সঙ্গে জান্নাত বেগমের যোগাযোগ ছিল না। জান্নাত বেগম রাকিব (২৪) ও রিফাত (১১) নামে দুই ছেলেকে নিয়ে সদর উপজেলার বালিয়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন।
বাড়ির লোকজন জানান, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্যে প্রায় সময়ই মাকে অত্যাচার করতেন। ঘটনার দিন মায়ের কাছে টাকা দাবি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যান। পরে জান্নাত বেগম সেখানেই পড়ে থাকেন। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মা অসুস্থ হয়ে মারা গেছেন বলে ডাক-চিৎকার করতে থাকেন। পরে বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমকে দাফন কাফনের ব্যবস্থা করছিলেন। একপর্যায়ে মরদেহ গোসল করাতে গেলে মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে রাকিবকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে