images

দেশজুড়ে

নৌকাসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৪:৪১ এএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। 

সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী।

টেকনাফ পৌরসভার ১ নম্বর সুইচঘাট মৎস্য কমিটির সভাপতি মোহাম্মদ শহিদ জানান, নাফ নদীতে প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে যান জেলেরা। দুপুরের দিকে হঠাৎ একটি কালো স্পিডবোট এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যায়।

অপহৃতরা হলেন: টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় বসবাসরত আবু তাহেরের ছেলে মো. মুফিজ (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৮), জাফর আলমের ছেলে মোহাম্মদ জামাল হোসেন (৪০)। আরেকজনের নাম জানা যায়নি।

স্থানীয় জেলে সুলাইমান ও নুরুল বশর জানান, জেলেরা নাফ নদীর মিয়ানমার সীমান্তঘেঁষা অংশে মাছ ধরছিলেন। এ সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে জেলেদের দুটি নৌকাসহ মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলে মো. জামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার বলেন, আমার স্বামীই ছিল তিন সন্তানের সংসারের একমাত্র উপার্জনকারী। তাকে ধরে নিয়ে যাওয়ার খবরে চরম অনিশ্চয়তায় পড়ে গেলাম।

শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া মৎস্য সমিতির সভাপতি আব্দুল গনি জানান, নাফ নদী থেকে একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের পরিবারের সদস্যরা দ্রুত তাদের স্বজনদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন
1

নিজের সাইকেল রেখে ইমামের মোটরসাইকেল নিয়ে গেল চোর

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী বলেন, দুটি নৌকাসহ বাংলাদেশি চার জেলেকে নাফ নদীর বাংলাদেশের জলসীমার বাইরে থেকে ধরে নিয়ে গেছে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ধরনের লিখিত কিছু জেলে পরিবারগুলোর কাছ থেকে পাইনি। লিখিত কিছু পেলেই তা সংশ্লিষ্ট দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডও অবহিত হয়েছে।

আরটিভি/এসএস