images

দেশজুড়ে

বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে এক হাত

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৯:৩২ এএম

বাগেরহাটে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা তার ডান হাত কেটে নিয়ে গেছে। 

সোমবার (১৮ মে) মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যান। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

নিহতের ভাই মিজান শেখ জানান, তারা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে।

আরও পড়ুন
VAAT

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মিঠু শেখের হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম