মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১১:০৯ এএম
ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের সময় খাটিয়ায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা পিকআপটিতে আগুন ধরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া এলাকার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য একটি মৃতদেহ খাটিয়ায় করে নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া ও লাশ বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে মরদেহ নিচে পড়ে যায় এবং চারজন আহত হন।
আহতরা হলেন, মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা ও এক নাতি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে আরিফুল আলম জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এসকে