মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১১:৪১ এএম
সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে কামরুন নাহার (৪৯) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নাহার সাতক্ষীরার সাবেক ক্রিকেটার ও ‘ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি’র পরিচালক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, ক্রীড়াঙ্গন ও স্থানীয় সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হলে কামরুন নাহার বাড়ির পাশের নিজস্ব আমবাগানে যান। ঝড়ের তীব্রতা কিছুটা কমে এলে বাগানের এক কর্মচারী তাকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতের বোনের স্বামী অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, ঝড়-বৃষ্টির মধ্যে তিনি বাগানে গিয়েছিলেন। পরে কর্মচারী তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহরের দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কামরুন নাহারের একমাত্র ছেলে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের অধিনায়ক।
আরটিভি/এসকে