মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৪:৫০ পিএম
মাদারীপুর শহরের আমিরাবাদে একটি ফ্ল্যাট থেকে আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীর চিকিৎসার খরচ ও ঋণের চাপ সহ্য করতে না পেরে স্বামী প্রথমে স্ত্রীকে হত্যা করেন, পরে শিশুসন্তানকেও হত্যা করেন। এরপর স্বামী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ জানায়, মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকার একটি বাসায় প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকেন সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার যতিন শিকদার ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ।
রোববার (১৭ মে) বিকেলে যতিন শিকদারের প্রথম স্ত্রীর ছেলে চিন্ময় শিকদার তার স্ত্রী ইসরাত জাহান সাউদা ওরফে ইশা ও তাদের আট মাসের কন্যাসন্তানকে নিয়ে ঢাকা থেকে মাদারীপুরে আসেন। পরে তারা মিষ্টি বাড়ৈয়ের বাসায় ওঠেন। রাতের খাবার শেষে চিন্ময় পরিবারের সদস্যদের নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দেন।
এরপর দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে মধ্যরাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন মিষ্টি বাড়ৈ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সোমবার (১৮ মে) ভোরে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও র্যাবের সদস্যরা। পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের এরশাদ মিয়ার মেয়ে ইসরাত জাহান সাউদার সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয় চিন্ময় শিকদারের। বিয়ের পর ইসরাতের নাম পরিবর্তন করে ইশা রাখা হয়।
দীর্ঘদিন ধরে ইশা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার চিকিৎসার পেছনে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করেন চিন্ময়। এতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। মানসিক চাপ থেকে মুক্তি পেতে প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে আট মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।
তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার বিস্তারিত কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরটিভি/এসএস