images

দেশজুড়ে

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার পর হাত কেটে নিলো কারা?

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৭:২৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ডান হাত কেটে নিয়ে যায় হামলাকারীরা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে ও ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। নিহত মিঠুর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। পথে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাই মিজান শেখ জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা মিন্টুর ডান হাত কেটে নিয়ে গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের, অতঃপর...

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু শেখ হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। কয়েক বছর আগে নিহতের চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলও খুন হন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/কেডি