images

জাতীয় / দেশজুড়ে

ছোট্ট আবিরার চিঠিতে সরকারের সাড়া, হচ্ছে বগা সেতু

বুধবার, ২০ মে ২০২৬ , ১২:২২ এএম

পটুয়াখালীর বাউফল ও দুমকি উপজেলার লাখো মানুষের প্রাণের দাবি লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণে এবার সরাসরি মাঠে নেমেছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশে সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সেতুর নির্মাণকাজ শুরু হতে পারে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন
5P7

বুধবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে দুপুর ১টার দিকে তিনি লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করেন।

পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলাকে সংযুক্ত করতে লোহালিয়া নদীর বগা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। যোগাযোগ দুর্ভোগে থাকা এ অঞ্চলের মানুষের কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা (৮)।

সেই চিঠির পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়ন ও কারিগরি সহায়তায় ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামে সেতুটি নির্মাণ করা হবে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথম মাসে নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু। আমি মূলত এখানে এসেছি প্রধানমন্ত্রীর নির্দেশে। ছোট্ট আবিরা সেতুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লিখেছে। বিষয়টি সংবাদমাধ্যমে দেখে প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন। এরপরই আমি এখানে ছুটে এসেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবিরাকে ধন্যবাদ। এত অল্প বয়সে সে উন্নয়ন নিয়ে ভাবছে, এটি সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরটিভি/এমএম