বুধবার, ২০ মে ২০২৬ , ১২:১০ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহতালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।
বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীর ভালোবাসা ও সমর্থন তার জীবনের বড় শক্তি। এলাকার মানুষ তাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি আগেও বলেছিলেন এটি তার শেষ নির্বাচন হতে পারে এবং সেই অবস্থানেই এখনো আছেন।
এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সদর উপজেলাকে ভাগ করে নতুন দুটি উপজেলা গঠনের অনুমতি পাওয়া গেছে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনও মিলেছে।
তিনি আরও জানান, মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়াও এগোচ্ছে এবং খুব শিগগিরই কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে। এলাকার আরও উন্নয়নমূলক প্রতিষ্ঠান আনার উদ্যোগও চলছে বলে জানান তিনি।
মসজিদ নির্মাণ কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আরটিভি/জেএমএ