images

দেশজুড়ে

আরটিভিতে নিউজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা ইউনিট চালু

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৩:১১ পিএম

আরটিভিতে নিউজের পর পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টার (সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন‍্য বিশেষায়িত ইউনিট) চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এর উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সদস্য (এমপি) মো. আবু তালেব মন্ডল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম খান।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীর সভাপতিত্বে আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির নকিবুল্লাহ, সাবেক উপজেলা আমির আমিরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস‍্য মো. আবু তালেব মন্ডল বলেন, দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ট্রমা সেন্টারের বিকল্প নেই। এই প্রশিক্ষণমূলক ট্রমা সেন্টার চিকিৎসকদের দক্ষতা বাড়াবে এবং রোগীদের উন্নত সেবা পেতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল 'নানা সংকটে থমকে আছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম' শিরোনামে আরটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। 'স্বাস্থ্য কমপ্লেক্সটি নামে ৫০ শয্যা হলেও অনুমোদন না পাওয়ায় এখনো চলছে ৩১ শয্যা হিসেবেই, একটি ট্রমা ইউনিট থাকলেও লোকবল ও সরঞ্জাম সংকটে সেটিও চালু করা যায়নি, শয‍্যা সংকটে রোগীদের ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের মেঝে ও বারান্দায়, প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা রোগীরা' এমন সব ভোগান্তির তথ‍্য-চিত্র তুলে ধরা হয় আরটিভির ওই প্রতিবেদনে। 

আরটিভি/এসএস