বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৫:২৮ পিএম
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলো লুলু মিয়ার ছেলে তামিম (১৪) ও সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে পুকুর থেকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতদের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, দুই কিশোরই শান্ত স্বভাবের ছিল এবং তারা একসঙ্গে খেলাধুলা ও চলাফেরা করত। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শিশু ও কিশোরদের নিরাপদে গোসল এবং পানির কাছাকাছি চলাচলের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুর ও জলাশয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় বলে তারা উল্লেখ করেন।
আরটিভি/এসএস