শনিবার, ২৩ মে ২০২৬ , ০৯:১৩ এএম
মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআইয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক নয়ন (২২) ও তার বন্ধু জীবন (২১)। নয়ন সদর উপজেলার খন্দকারপাড়ার হাপুর ছেলে ও জীবন একই উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার শামীম রেজা জানান, বন্দর থেকে মোটরসাইকেলে বন্ধু জীবনকে নিয়ে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হন নয়ন। পথিমধ্যে পিটিআইয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান। গুরুতর আহত অবস্থায় জীবনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালেহিন কবীর জানান, দুজনই গুরুতর জখম হন এবং রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আইএম