শনিবার, ২৩ মে ২০২৬ , ০১:০৯ পিএম
জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুল ইসলাম সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মাহফুজুল ইসলাম। এ সময় প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে চাপা দেয়। এতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/আইএম