শনিবার, ২৩ মে ২০২৬ , ০২:১৮ পিএম
শরীয়তপুরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা থানার মুলনা ইউনিয়নের চর লাউখোলা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি চৌকস দল চর লাউখোলা ব্র্যাক অফিস সংলগ্ন মেসার্স ইশরাক মোড়ল ট্রেডার্সের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাছিমা আক্তার (৩০) ও তার স্বামী মো. বাদল চিশতিয়া (৪৭)। নাছিমা মাদারীপুর জেলার শিবচর উপজেলার ছলেনামা শেখপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে, বাদল চিশতিয়ার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম