শনিবার, ২৩ মে ২০২৬ , ০৭:০৪ পিএম
খুন, ধর্ষণ, গণভোটসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করায় আল্লাহ সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বিএনপির কারণে রাজনৈতিক পরিস্থিতি এখন কঠিন হয়ে যাচ্ছে।
শনিবার (২৩ মে) ঝালকাঠি জেলার পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতাসীন দল বিএনপি এখন লুটপাটে ব্যস্ত। রাষ্ট্রের দিকে তাদের খেয়াল নেই। আগামী জুনে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেখানে সংববিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে, গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধানের তফসিল বাস্তবায়ন করে রাজনৈতিক-সাংবিধানিক সংকট দূর করার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। কারণ এটা (গণভোট) না মেনে আপনারাই (বিএনপি) এ সংকট তৈরি করেছেন। মানে ঝামেলা বাধাইছে যে, মিটাইতে হবেও তারে। বল এখন বিএনপির কোটে দিয়ে দিয়েছি, আমাদের কোটে বল নেই। বিএনপিকে এখন ভালোভাবে খেলতে হবে। সামনে বল না দিয়ে যদি ব্যাকপাস করেন; তাহলে বল কিন্তু নিজের গোলে ঢুকে যাবে।’
এরপর দুপুরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পিরোজপুর কনভেনশন সেন্টারে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়ে এখন সরকার গঠন করে পল্টি দিয়েছে। এখন সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরুদ্ধে কথা বলছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। ’দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোনো নজির নাই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে। নির্বাচনে তারা গণভোটে হ্যাঁ তে ভোট দিতে বলেছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।
এ সময় রুকন সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক রুকন ও দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরটিভি/কেডি