images

দেশজুড়ে

৫২ হাজারে বিক্রি হলো ৩৬ কেজির বাঘাইড়

রোববার, ২৪ মে ২০২৬ , ০৯:৫৭ এএম

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি মহাবিপন্ন বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি নিলামে ৫১ হাজার ৯১০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল মন্ডলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি হয়।

জানা গেছে, রোববার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তের রেজাউল মন্ডলের আড়তে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। নিলাম থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৯১০ টাকায় মাছটি কেনেন। তিনি মাছটি ২ হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বিক্রির চেষ্টা করছেন।

শাহজাহান শেখ বলেন, বাঘাইড় মাছটির ওজন ৩৫ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি আমি ৫১ হাজার ৯১০ টাকায় কিনেছি। কেজিতে সামান্য লাভে আমি মাছটি বিক্রি করে দেব।

আরও পড়ুন
Web-Image---Copy

পাবনায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকা অনুযায়ী, বাঘাইড় মহাবিপন্ন প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, এই মাছ শিকার, ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ।

জেলে খলিল মন্ডল বলেন, রোববার ভোরে কারেন্ট জালে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীতে মাছটি পেয়েছি। ৫১ হাজার টাকায় মাছটি আমি বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে বাঘাইড় শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। উপজেলা প্রশাসন ও বন বিভাগ বিষয়টি নিয়ে কাজ করেন। তবে বিভিন্ন সভা-সেমিনারে আমরা বাঘাইড় মাছ ধরা ও বিক্রি বন্ধে আইনের বিষয়টি জেলেদের বলে থাকি। 

আরটিভি/এমএইচজে