সোমবার, ২৫ মে ২০২৬ , ০১:১৭ পিএম
মানিকগঞ্জে ভাগনের হাতে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাগনে রিপন মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের আপন ভাগনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মামিকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়ার আগে রিপন মিয়া তার ফেসবুক আইডির স্টোরিতে লেখেন, জীবনের লাস্ট স্টোরি, আমাকে সবাই মাফ করে দিয়েন।
স্থানীয়দের দাবি, ঘটনার পর তিনি নিহতের মরদেহের পাশেই একই কক্ষে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরটিভি/আইএম