images

দেশজুড়ে

মহাসড়কে বাস-গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষে ভয়াবহ আগুন

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৪:৩৯ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে যাত্রীদের মালামালও ভস্মীভূত হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুষ্টিয়াগামী এফকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের অংশের সাথে ঢাকাগামী স্পেক্ট্রা কোম্পানির তরল গ্যাসবাহী একটি ট্রাকের পেছনের অংশে সংঘর্ষ হয়। সংঘর্ষের কিছুক্ষণ পরই বাসটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে গ্যাসবাহী ট্রাক থেকে গ্যাস লিকেজ শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কেউ কেউ জানালার কাচ ভেঙেও বের হওয়ার চেষ্টা করেন। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় দুই গাড়ির চালকই গাড়ির চাবি রেখে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস আগুন ও গ্যাস লিকেজ নিয়ন্ত্রণে আনলে প্রায় ৫০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লড়িটি গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

বাসের যাত্রী আব্দুল কাদের বলেন, আমাদের বাস রাইট সাইড দিয়েই যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি গ্যাসের গাড়ি এসে সামনাসামনি সংঘর্ষ হয়। প্রথমে আগুন অল্প ছিল। ড্রাইভার গাড়িটি সাইড করার চেষ্টা করলেও পারেননি। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমার কাপড়সহ সবকিছু পুড়ে গেছে।

আরেক যাত্রী নৈমুদ্দিন শেখ বলেন, বাসের গতি কম ছিল। হঠাৎ উল্টো দিক থেকে আসা গ্যাসের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এবং বাসে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত সবাই বের হতে পেরেছে। কেউ জানালার কাচ ভেঙে, আবার কেউ দরজা দিয়ে বের হয়েছে। অনেকের মালামালের ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ইনচার্জ মিয়ারাজ উদ্দিন বলেন, আনুমানিক সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

আরটিভি/এসএস