images

দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে 

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০২:৫৯ পিএম

সুনামগঞ্জে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ভাই নিহত ও অপর ভাই আহত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন (১২) রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহত হয়েছে তার ছোট ভাই আরিফ হোসেন (৮)।

নিহত আবির এলাকার কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে, আহত আরিফ হোসেন আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনের হাওরে খেলার ছলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল দুই ভাই। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে বজ্রঘাতে দুই ভাই গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই বড় ভাই আবির হোসেনের মৃত্যু হয়। আহত ছোট ভাই আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে  চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন
Web-Image18

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, খেলার ছলে দুই ভাই বাড়ির সামনের ঠেলা জাল মাছ ধরতে গিয়েছিল। হটাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে আবির ঘটনাস্থলেই মারা যায়। আর আরিফ গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেওয়া হয়েছে। 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু এবং আরেক শিশু আহত হয়েছে। দুই শিশু সম্পর্কে আপন ভাই।  

আরটিভি/আইএম