মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৮:৫৪ পিএম
রংপুরে সাত বছরের এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বদিয়ার জামান (৪৫) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের কলাবাড়ি এলাকায় ওই শিশুকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নেন অভিযুক্ত বদিয়ার জামান। পরে তাকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পর গতকাল রাতেই ভুক্তভোগী শিশুর অভিভাবক বাদী হয়ে মাহিগঞ্জ থানায় একটি মামলা করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মামলার পরপরই মাহিগঞ্জ থানা-পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি দল অভিযানে নামে। পুলিশের তৎপরতা টের পেয়ে অভিযুক্ত বদিয়ার জামান এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠাপুকুর উপজেলার রাধাবল্লভপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বদিয়ার জামান পেশায় একজন শ্রমিক। তিনি সাধারণত ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে রংপুরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি এলাকায় লম্পট প্রকৃতির এবং একাধিক বিয়েও করেছেন।
মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার শিকার শিশুটির পরিবার যাতে দ্রুত বিচার পায়, সে জন্য পুলিশ আদালতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আরটিভি/এসএস