বুধবার, ২৭ মে ২০২৬ , ০৫:০৬ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন টেঁটাবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়বর্তা এলাকার বাসিন্দা নজরুল ইসলামের পুকুরে কয়েকজন ব্যক্তি টেঁটা দিয়ে মাছ ধরছিলেন। এ সময় নজরুল ইসলামের ছেলে, ভাতিজা ও তাদের স্বজনরা পুকুরে গিয়ে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রায়হান (২১) নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ছাড়া জোবায়ের শেখ (২২) নামের আরেক যুবকও টেঁটার আঘাতে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ঠাকুর দাস, পরিমল দাস, নাগর দাসসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত পরিমল দাস দাবি করেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে ফোন পেয়ে বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, নজরুল ইসলামের ছেলে ও ভাতিজারা তার ভাইয়ের ওপর হামলা করেছে এবং তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/আইএম