images

দেশজুড়ে / রাজনীতি

এনসিপির আয় নিয়ে রাশেদের বিস্ফোরক মন্তব্য

বুধবার, ২৭ মে ২০২৬ , ০৭:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস হচ্ছে চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। 

বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, এ্যানী ভাই কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন। সেই টাকা কোথা থেকে পাচ্ছেন? নাসীরুদ্দিন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ান, সঙ্গে প্রটোকল নিয়ে যান। সেই টাকা কোথা থেকে পান? সারজিস আলম ও নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?

এনসিপি নেতাদের আরও সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এই চুক্তি এনসিপি করিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মতো আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরকালে তিনি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তাঁর ওপর ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবেন, সেখানে তাঁকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর