বুধবার, ২৭ মে ২০২৬ , ০৯:০৬ পিএম
গাবতলী থেকে ঝিনাইদহে ফেরার পথে চলন্ত বাসের ভেতর চেতনানাশক প্রয়োগ করে দুই গরু ব্যবসায়ীর নগদ ১৭ লাখ ৪০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। পর বাসের সুপারভাইজারের রহস্যজনক পলায়নে ক্ষোভে ফেটে পড়ে জনতা।
ভুক্তভোগীরা হলেন জেলার কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামের আবু বক্করের ছেলে ওহেদুল ইসলাম (৪৫) এবং কুশনা এলাকার ইবাদত মল্লিকের ছেলে সবুজ (৪০)।
জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঢাকার গাবতলী পশুর হাটে ১৫টি গরু বিক্রি করেন তারা। এর মধ্যে ওহেদুলের আটটি গরু বিক্রির ১০ লাখ টাকা এবং সবুজের কাছে ছিল আরও ৭ লাখ ৪০ হাজার টাকা। গরু বিক্রির পুরো অর্থ সঙ্গে নিয়েই তারা ঢাকা মেট্রো-ব ১৪-৭২১৩ নম্বরের ‘ঝিনাইদহ লাইন’ পরিবহনের একটি নৈশকোচে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
ভুক্তভোগীদের অভিযোগ, যাত্রাপথে বাসের ভেতরেই সংঘবদ্ধ মলম পার্টির সদস্যরা পরিকল্পিতভাবে তাদের চোখে-মুখে চেতনানাশক বা বিষাক্ত কেমিক্যালজাতীয় পদার্থ প্রয়োগ করে অচেতন করে ফেলে। এরপর তাদের সঙ্গে থাকা নগদ ১৭ লাখ ৪০ হাজার টাকা নিয়ে চক্রটি নির্বিঘ্নে পালিয়ে যায়।
ভোররাতে চেতনা ফিরে পেলে তারা নিজেদের সর্বস্ব খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। এ সময় বাসের সুপারভাইজারের আচরণে সন্দেহ দেখা দিলে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সুপারভাইজার কোটচাঁদপুরে পৌঁছানোর আগেই বাস থেকে নেমে পালিয়ে যান। তার এই রহস্যজনক পলায়ন পুরো ঘটনায় নতুন সন্দেহের জন্ম দিয়েছে।
বুধবার (২৭ মে) সকালে বাসটি কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে ক্ষুব্ধ জনতা বাসটি ঘেরাও করে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম বলেন, ঘটনাটি ঢাকার এলাকায় ঘটেছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে বাস মালিকপক্ষ যোগাযোগ করেছে। তারা আগামী বুধবার বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।
আরটিভি/টিআর