বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৯:১৮ এএম
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) এবং বরিশাল সদর এলাকার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ভাঙ্গামুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই মোটরসাইকেলে থাকা চারজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অপর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম