বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১১:৩৩ এএম
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করা রাখা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক বিশেষায়িত ইউনিট।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নিয়েছে। এ ছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
তবে জাহাজটিতে ঠিক কী কারণে হঠাৎ এই আগুনের সূত্রপাত এবং এতে করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কোস্ট গার্ড কর্তৃপক্ষ।
আরটিভি/আইএম