images

দেশজুড়ে

গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১২:০৩ পিএম

দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানে ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন । 

প্রশাসনের পক্ষ থেকে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা করা হয়। ঈদগাহ মাঠে অর্ধশতাধিকের বেশি মাইক স্থাপন করা হয়। এছাড়া ১০টি গেট ও দুইটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সকাল সাড়ে ৮টা বাজার আগেই ঈদগাহ মাঠে মুসল্লিরা এসে উপস্থিত হন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী। 

এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরটিভি/এসএস