বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১২:৫৮ পিএম
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে গরুবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর আইয়ুব মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৭ মে) দুপুর ২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে মাত্র পাঁচটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি গরুগুলো পদ্মার তীব্র স্রোতে ভেসে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রলারটি পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে। প্রবল ঢেউ ও স্রোতের কারণে একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন।
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, বুধবার (২৭ মে) দুপুরে জাজিরার কুন্ডেরচর এলাকায় পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ছবি দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ আইয়ুব মিয়ার বলে শনাক্ত করেছেন।
আরটিভি/আইএম