images

দেশজুড়ে

গ্রিলের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০২:১১ পিএম

ভোলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সুমি বেগম (৩০) স্থানীয় ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার স্ত্রী। তারা বোরহানউদ্দিন মহিলা কলেজের উত্তর পাশে অবস্থিত ‘মাহি ভিলা’ নামক একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুমির স্বামী উজ্জ্বল স্থানীয় হেলিপ্যাড সংলগ্ন শিল্প ও বাণিজ্য মেলার একজন ব্যবসায়ী। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির মালিক আবুল বাশার মো. সহিদুল্লাহর স্ত্রী সুমি বেগমের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়াশব্দ না পেয়ে বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক, সুমির স্বামী উজ্জ্বল ও স্থানীয় লোকজন গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

কক্ষে ঢুকে তারা ঘরের পূর্ব পাশের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমি বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দ্রুত নিচে নামিয়ে মেঝেতে শোয়ানো হলেও তার আগে সুমির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। 

আরও পড়ুন
Web-Image15

গলায় মাংস আটকে ছটফট করতে করতে কিশোরের মৃত্যু

পরিবারের লোকজনের অনুমান, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় সবার অগোচরে সুমি বেগম গলায় ফাঁস দিয়েছেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।

খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম