শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৩:৪১ পিএম
মাদারীপুরের শিবচরে বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে পদ্মা সেতু-সংলগ্ন এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনে (ইঞ্জিন কভার) বসেছিলেন তিনি। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে পৌঁছালে হঠাৎ ব্রেক কষেন চালক। এ সময় সাত্তার ছিটকে বাসের দরজা দিয়ে বাইরে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বাসটি হঠাৎ করে জোরে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে সাত্তারের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম