images

প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৯:০২ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাহাদি সৌদি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। স্থানীয়ভাবে তিনি ছাত্রলীগের চর মার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৯ মে) সকালে সৌদিতে থাকা মাহাদির সহকর্মী আরাফাত হোসেন রায়হান হোয়াটসঅ্যাপে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে মাহাদি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে তিনি ফুড ডেলিভারির কাজে বের হন।  তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশ তাদের জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন
7

লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান। তার বাবা মোহাম্মদ দুলালও সেখানে অবস্থান করছেন। বাড়িতে মাহাদির মা ও বোন রয়েছেন।  তবে পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। লাশ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, মাহাদি আগে সৌদি আরবে ব্যবসা করতেন। পরে দেশে ফিরে বিয়ে করেন। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।  বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলেও জানান তিনি।

আরটিভি/ এসকেডি