শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৯:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের ব্যয়ে কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে হওয়াউপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সফিল উদ্দিন নামে এক ব্যক্তি কুরবানির জন্য মসজিদের টাকায় একটি ছুরি কিনে দেন ইমামকে। অনেকেই বিষয়টি অবগত ছিলেন না। শুক্রবার জুম্মার নামাজের সময় ছুরি কেনার বিষয় নিয়ে গ্রামের আজিম উদ্দিন গ্রামবাসীকে মসজিদে অবগত করেন। এ নিয়ে সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরটিভি/এসএস