শনিবার, ৩০ মে ২০২৬ , ০৮:২৩ এএম
সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিন (৯) ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলছিল শারমিন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে একই ঝড়ে শ্যামনগরের উপকূলীয় গাবুরা ইউনিয়নের সোরা এলাকায় কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি টিনের চালা উড়ে যায় ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরটিভি/আইএম