images

দেশজুড়ে

মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের

শনিবার, ৩০ মে ২০২৬ , ০১:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত দশটার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কুট কিনে খান। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হন। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। 

বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন এগিয়ে আসেন। তারা মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হন শাহীন ও রতন মিয়া নামে এলাকার আরও দুই যুবক। 

আরও পড়ুন
Web-Image16

পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে  গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইযা জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন প্রাণ হারিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/আইএম