images

দেশজুড়ে

স্বামী বাইরে থাকায় ঘরে ঢুকে গেলেন হোটেল মালিক, অতঃপর...

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৪:০৬ পিএম

কুড়িগ্রামে চিলমারী উপজেলায় একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাতে অভিযুক্ত কবির মিয়াকে (৪৫) উপজেলার সরকারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলার উলিপুর উপজেলার এক দম্পতি তাদের খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৮ মে) রাতে রমনা ফেরিঘাটে আসেন। তবে ঘাটে পৌঁছাতে বিলম্ব হওয়ায় নৌযান চলাচলের নির্ধারিত সময় পার হয়ে যায়। ফলে বিকল্প কোনো উপায় না পেয়ে তারা রাত্রিযাপনের জন্য রমনা ঘাট এলাকায় ‘হোটেল কলি’ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।

অভিযোগে বলা হয়, হোটেলে ওঠার কিছুক্ষণ পর ওই নারী ও তার আট মাস বয়সি সন্তানকে কক্ষে রেখে খাবার কেনার জন্য থানাহাট বাজারে যান স্বামী। কিছুক্ষণ পর খাবার নিয়ে ফিরে এলে তার স্ত্রী কান্নাকাটি করে জানান, হোটেল মালিক কবির মিয়া তাকে ধর্ষণ করেছে।

ভুক্তভোগীর স্বামী বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা অভিযোগ এড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন শুক্রবার দুপুরে ভুক্তভোগীর স্বামী স্থানীয় ইউপি সদস্য মো. রুকনুজ্জামান স্বপনের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চিলমারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে।

পরে নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার বলেন, মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস