শনিবার, ৩০ মে ২০২৬ , ০৮:১৬ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সম্প্রতি সংঘটিত ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত খারুয়ার হাটশিরা এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্যসামগ্রী তুলে দেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের সুখ-দুঃখে সরকার সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন।
এ সময় বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলসহ স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসীরা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে জনপ্রতিনিধির সরাসরি উপস্থিতি ও সহায়তা তাদের নতুন করে সাহস ও আশার আলো দেখিয়েছে।
আরটিভি/এসএস