রোববার, ৩১ মে ২০২৬ , ০৪:২৩ পিএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা খুলনা ক্যান্টনমেন্টগামী নড়াইল এক্সপ্রেস নামক একটি বাস তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া পাবনাগামী হিমেল সীমান্ত পরিবহন নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৫৫ জন আহত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম জিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন।
আহত সেনা সদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে ট্রেনিংরত অবস্থায় রয়েছেন। গত ঈদুল আজহার ছুটিতে তারা বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে তারা একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে তারা মোট ৪২ জন সেনা সদস্য ছিলেন। সেনা সদস্যদের অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরটিভি/এমএম