images

দেশজুড়ে

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, এরপর যা ঘটল

রোববার, ৩১ মে ২০২৬ , ০৫:৩২ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে, শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোফাজ্জল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মেলাপাড়া এলাকার মৃত আকরাম শরীফের ছেলে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় রহমত মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে পাশাপাশি কক্ষে বসবাসের সুবাদে অভিযুক্ত মোফাজ্জলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি। এই সুযোগে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে ডেকে নিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

১৮ মে রাত আনুমানিক ৩টার দিকে কিশোরীকে ধর্ষণের সময় তার বাবা-মা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে শনিবার (৩০ মে) রাতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে পুনরায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এসএস