images

দেশজুড়ে

ময়মনসিংহে বিয়ের আসরে হামলা, ঘটনা কী

রোববার, ৩১ মে ২০২৬ , ১০:৪৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলগী গ্রামে সংঘর্ষ ও হামলার ঘটনায় একটি দরিদ্র পরিবারের বিয়ের আয়োজন ভেস্তে গেছে। 

রোববার (৩১ মে) সকালে সংঘটিত হামলার সময় নাজিম উদ্দিনের বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। 

এর আগে, ঈদের দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে যান ভুক্তভোগী কনে ও তার ভাই। এ সময় চরআলগী গ্রামের কয়েকজন কিশোর ভুক্তভোগীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য ও অশোভন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে গড়ায় এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনার রেশ ধরে বিয়ের আসরে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা রান্না করা খাবার, বাসনপত্র ও অতিথিদের জন্য প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী নষ্ট করে দেওয়ায় বরযাত্রীদের আপ্যায়ন ছাড়াই কনেকে বিদায় দিতে হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে রান্না করা খাবার ও বিয়ের প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যায়।

এ পরিস্থিতির কারণে নির্ধারিত আয়োজন অনুযায়ী অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে পাশের একটি বাড়ি থেকে কনেকে বিদায় দেওয়া হয়। 

আরটিভি/এসএস