সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:৫৪ এএম
পিরোজপুরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালে রেখে চলে গেছেন স্বজনরা।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম, বয়স ৭৫ বছর। তিনি উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের বাসিন্দা। ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি রোববার সকালে হাসপাতালে ভর্তি হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী যখন ভর্তি হয়, সঙ্গে তিনজন পুরুষ ছিল। স্যালাইন পুশ করার পরে মহিলাদের কাছে দায়িত্ব দিয়ে তারা চলে যান। রোগীর অবস্থা খারাপ হলে মহিলারাও চলে যান।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদিয়া ফারজানা জানান, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর সঙ্গে থাকা স্বজনরা মরদেহ রেখে হাসপাতাল থেকে চলে যান।
তিনি আরও জানান, দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ ফিরে না আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। একইসঙ্গে মৃতের স্বজনদের খুঁজে বের করারও চেষ্টা চলছে।
আরটিভি/আইএম