images

দেশজুড়ে

মাংস আনতে যান মা, সেই সুযোগে শিশুকে ধর্ষণচেষ্টা বৃদ্ধের

সোমবার, ০১ জুন ২০২৬ , ১১:৩০ এএম

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ৮ বছর বয়সী স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার লতিফ উদ্দিন (৬৫) একই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা-মা দুজনই দিনমজুর। সকালে শিশুটির বাবা এনজিওর কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য বাড়ি থেকে বের হন। পরে দুপুরে শিশুটির মা মাংস আনতে গেলে ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ির সামনে বসিয়ে যান।

এই সুযোগে বাড়ির সামনে ধান কাটার কাজে থাকা লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। শিশুটি ভয় পেয়ে চিৎকার করে পালিয়ে পাশের নানির বাড়িতে আশ্রয় নেয় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

এরপর শিশুটির পরিবার ও স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিফ উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা হয়েছে এবং সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

আরটিভি/এসকে