সোমবার, ০১ জুন ২০২৬ , ০১:০৪ পিএম
জামালপুরে পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের রাস্তার পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওমর ফারুক টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে। তিনি কয়েক বছর আগে খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হন।
জানা গেছে, সকালে পুকুরে একটি মরদেহ দেখতে পেয়ে সরিষাবাড়ী পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ গিয়ে সকাল ৯টার দিকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম