সোমবার, ০১ জুন ২০২৬ , ০৩:৩১ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় রেলকারের (রেললাইন মেরামতের বিশেষ গাড়ি) মালামাল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে রেল কর্তৃপক্ষ।
রোববার (৩১ মে) রাতে এই চুরির ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি উপজেলা টান কালিয়াকৈর এলাকার মোজাম্মেল হকের ছেলে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে হাইটেক সিটি রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে রাখা একটি রেললাইন মেরামতের গাড়ির (রেলকার) ভেতরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় গাড়ির ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল খোলার শব্দ পেয়ে স্টেশনের এক কর্মচারী তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন। চুরির বিষয়টি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলওয়ের কর্মচারীরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই স্টেশন থেকে এর আগেও একাধিকবার রেলওয়ের বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও এবার চোর হাতেনাতে আটক হওয়ায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম